কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন। একই সঙ্গে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে তাদের নিয়োগের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সদ্য সাবেক প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিমের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সংশোধিত আইন-২০১৩-এর তফসিলের ১৫(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেনকে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের বর্তমান প্রাধ্যক্ষ ড. সুমাইয়া আফরীন সানির দায়িত্বের মেয়াদ আগামী ২৮ সেপ্টেম্বর শেষ হবে। এ কারণে সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহারকে হলটির নতুন প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
নবনিযুক্ত হল প্রাধ্যক্ষ ড. কামরুন নাহার বলেন, ‘আগামী ২৯ তারিখ দায়িত্ব গ্রহণ করব।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, পূর্বের দায়িত্বপ্রাপ্তদের মেয়াদ শেষ হওয়ায় নতুন করে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘তারা অত্যন্ত শিক্ষার্থীবান্ধব। দুটি পদই শিক্ষার্থীদের সঙ্গে সংশ্লিষ্ট। শিক্ষার্থীদের ভালো-মন্দসহ সার্বিক বিষয় বিবেচনা করেই তাদের নিয়োগ দেওয়া হয়েছে।’