সরাইলে সাংবাদিক মাসুদ মিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায়, তদন্তের দাবি সাংবাদিক মহলের

নিজস্ব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিজয় টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ও সরাইল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ মিয়া-র বিরুদ্ধে দায়ের করা একটি মামলাকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতাদের দাবি, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় আসামি করা হয়েছে এবং বিষয়টির নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।

জানা গেছে, গত ২০ জুলাই সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের চাকসার পূর্বপাড়া এলাকার বাসিন্দা ও কালিকচ্ছ বাজারের ব্যবসায়ী মোহাম্মদ কাউছার সরাইল থানায় একটি মামলা দায়ের করেন। সূর্যকান্দি ও চাকসার গ্রামের সংঘর্ষের সময় তার দোকানে হামলা ও লুটপাটের অভিযোগে করা ওই মামলায় ৩৬ জনকে আসামি করা হয়। এ তালিকায় সাংবাদিক মোহাম্মদ মাসুদ মিয়ার নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ঘটনায় সরাইল থানায় মামলা রেকর্ড হওয়ার পর সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের দাবি, মামলার এজাহারে অন্যান্য আসামিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকলেও সাংবাদিক মাসুদ মিয়ার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ বা ভূমিকার উল্লেখ নেই।

সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার বলেন, বিষয়টি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে তিনি জানান, বিষয়টি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায়ও উত্থাপন করা হবে।

কালিকচ্ছ এলাকার কয়েকজন বাসিন্দার দাবি, মোহাম্মদ মাসুদ মিয়া দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি ব্যবসা পরিচালনা করে আসছেন এবং এলাকায় শান্তিপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত। তাদের অভিযোগ, কেবল সূর্যকান্দি গ্রামের বাসিন্দা হওয়ায় তাকে মামলায় জড়ানো হয়েছে।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, সাংবাদিককে মামলায় আসামি করার বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, মামলায় অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে সাংবাদিক ও স্থানীয়দের পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ উঠলেও, অভিযোগকারী বাদীর বক্তব্য এবং তদন্তের মাধ্যমে বিষয়টির সত্যতা নির্ধারিত হবে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *