পুঠিয়া পৌরসভায় এক হাজার গাছের চারা রোপণ শুরু, সবুজায়নে মাসব্যাপী কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নগর এলাকায় সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে রাজশাহীর পুঠিয়া পৌরসভার উদ্যোগে এক হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে। মাসব্যাপী এ কর্মসূচির আওতায় পৌরসভার নয়টি ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি স্থাপনা ও উন্মুক্ত স্থানে পর্যায়ক্রমে চারা রোপণ করা হবে।

পৌরসভার নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত এ কর্মসূচির তত্ত্বাবধান করছেন পুঠিয়া পৌরসভার প্রশাসক এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস সুমিত। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু চারা রোপণেই সীমাবদ্ধ না থেকে গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ব্যবস্থাও নেওয়া হয়েছে, যাতে এগুলো দীর্ঘমেয়াদে পরিবেশে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

পৌর প্রশাসক শিবু দাস সুমিত বলেন, সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পুঠিয়া পৌরসভা পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করছে। তিনি বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ আবাস নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক পর্যায়েও ব্যাপক বৃক্ষরোপণ প্রয়োজন।

তিনি আরও বলেন, পৌরসভার নিজস্ব অর্থায়নে পরিচালিত এ কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ বাড়াবে এবং পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, জলবায়ু পরিবর্তনের বর্তমান বাস্তবতায় এমন কর্মসূচি অত্যন্ত প্রয়োজন। যথাযথ পরিচর্যা নিশ্চিত করা গেলে আগামী কয়েক বছরের মধ্যেই পুঠিয়া পৌর এলাকা আরও সবুজ, পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে পরিণত হবে।

পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং নাগরিকদের মধ্যে বৃক্ষরোপণ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *