মোঃ ফারুক আহমেদ: দেশের শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের উদ্যোগে টাঙ্গাইলে ‘বাংলা কিউআর: ডিজিটাল পেমেন্ট সার্ভিস ও ব্যবসায়িক প্রবৃদ্ধি’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে টাঙ্গাইল শহরের রয়্যাল প্যালেস রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় স্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন বিকাশের এরিয়া ম্যানেজার কাজী মো. বায়জিদ, টাঙ্গাইল টেরিটরি ম্যানেজার আবিদ আহমেদ চৌধুরী এবং অপারেশন ম্যানেজার খালেকুর রহমান খান ইউসুফজী।
বক্তারা বলেন, ডিজিটাল লেনদেন এখন শুধু সময় সাশ্রয়ী নয়, বরং নিরাপদ, স্বচ্ছ ও আধুনিক ব্যবসা পরিচালনার অন্যতম কার্যকর মাধ্যম। ‘বাংলা কিউআর’ ব্যবহারের মাধ্যমে ব্যবসায়ীরা সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য পেমেন্ট গ্রহণ করতে পারবেন। এতে গ্রাহকসেবা যেমন উন্নত হবে, তেমনি ব্যবসার কার্যক্রমও হবে আরও গতিশীল ও দক্ষ।