আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আবারও কঠোর বার্তা দিয়ে বলেছেন, আলোচনার মাধ্যমে সমঝোতা না হলে যুক্তরাষ্ট্রের সামনে সামরিক পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না এবং দ্রুত হরমুজ প্রণালি খুলে দিতে হবে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই পরিস্থিতি পরিষ্কার হবে। তবে ইরান আলোচনা থেকে সরে এলে কঠোর হামলার মুখে পড়তে হবে বলেও সতর্ক করেন তিনি।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইরান ও ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালি পুনরায় চালু এবং যুদ্ধবিরতি পুনর্বহালের বিষয়ে একটি অন্তর্বর্তী সমঝোতা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আজই (৫ আগস্ট) এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।