মোঃ ফারুক আহমেদ: জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলে সমাবেশ ও গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য, টাঙ্গাইল জেলা শাখা। বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবীব মাসুদ। বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর খন্দকার আব্দুর রাজ্জাক, সেক্রেটারি হুমায়ুন কবির, এনসিপির জেলা সভাপতি কামরুজ্জামান শাওন, জেলা সেক্রেটারি মাসুদুর রহমান রাসেল, জামায়াতের সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল, অধ্যাপক শফিকুল ইসলাম খান, ডা. এ কে এম আব্দুল হামিদ, অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, অধ্যাপক ইকবাল হোসাইন বাদল এবং ইসলামী ছাত্রশিবির টাঙ্গাইল জেলা সভাপতি ও জুলাই যোদ্ধা আব্দুল আলিমসহ অন্যরা।
সভাপতির বক্তব্যে আহসান হাবীব মাসুদ বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের মানুষ এগিয়ে যাচ্ছে এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি অব্যাহত থাকবে। তিনি শিক্ষা প্রতিষ্ঠানে সব ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিত করে দ্রুত শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান।
তিনি সরকারের বিভিন্ন নীতি, গুম কমিশন, জ্বালানি খাত, গ্যাস উত্তোলন চুক্তি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে সমালোচনা করেন। একই সঙ্গে দেশের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ, গ্যাস ও বিদ্যুতের সংকট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় সেবার মূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান।
সমাবেশে অন্য বক্তারা বলেন, জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। পাশাপাশি গণঅভ্যুত্থানে আহতদের দীর্ঘমেয়াদি চিকিৎসা, কর্মসংস্থানের ব্যবস্থা এবং শহীদ পরিবারের পুনর্বাসনের দাবি জানান তারা।
সমাবেশ শেষে শহীদ মিনার থেকে একটি গণমিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।