“তুমি নেই, তবু তোমার স্বপ্নেই বেঁচে আছে বরুড়া” প্রিয় নেতা আবু তাহেরের সমাধিতে অশ্রুসিক্ত শ্রদ্ধাঞ্জলি

মোঃআনজার শাহ

কবরের নীরব মাটির নিচে ঘুমিয়ে আছেন যিনি, তাঁর স্মৃতি আজও জীবন্ত বরুড়ার প্রতিটি মানুষের হৃদয়ে। বৃহস্পতিবার সকালে আধুনিক বরুড়ার রূপকার, গণমানুষের প্রিয় নেতা ও সাবেক সংসদ সদস্য মরহুম এ কে এম আবু তাহেরের সমাধিস্থলে ছুটে যান বরুড়া উপজেলার যুবদলের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ, সকল ইউনিয়ন কমিটির নেতা এবং উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত নেতৃবৃন্দ হৃদয়ে গভীর কৃতজ্ঞতা আর চোখে শ্রদ্ধার অশ্রু নিয়ে।

ফুলেল শ্রদ্ধা নিবেদনের সেই মুহূর্তে যেন থমকে যায় সময়। প্রিয় নেতার কবরের পাশে দাঁড়িয়ে অনেকের কণ্ঠ ভারী হয়ে ওঠে আবেগে। শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত। এই আবেগঘন মুহূর্তে নেতাকর্মীরা স্মরণ করেন তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, নিরলস জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং বরুড়ার উন্নয়নে তাঁর অবিস্মরণীয় অবদানের কথা যা আজও কথা বলে এই মাটির প্রতিটি কোণে।

আবেগাপ্লুত কণ্ঠে উপজেলা যুবদলের  সভাপতি বলেন, “তিনি চলে গেছেন, কিন্তু তাঁর রেখে যাওয়া আদর্শ আমাদের পথ দেখায় প্রতিদিন। মানুষের কল্যাণকেই তিনি রাজনীতির মূল লক্ষ্য হিসেবে বেছে নিয়েছিলেন। তাঁর সততা ও জনসেবার চেতনাকে বুকে ধারণ করেই আমরা বরুড়ার উন্নয়ন এবং মানুষের আস্থা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”

চোখে জল নিয়ে উপজেলা যুবদলের  সহ-সভাপতি সেলিম মিয়াজী বলেন, “আবু তাহের শুধু একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন মানুষের হৃদয়ের মানুষ। তাঁর ত্যাগ, নেতৃত্ব ও উন্নয়নের দর্শন নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য চিরকাল অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর দেখানো পথ ধরেই আমরা এগিয়ে যেতে চাই।”

উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জামাল বলেন, “তিনি নেই, কিন্তু তাঁর আদর্শ আমাদের শক্তি ও প্রেরণার অফুরান উৎস হয়ে থাকবে চিরদিন। তাঁর স্বপ্নের সমৃদ্ধ বরুড়া গড়ার লক্ষ্যে জনগণের পাশে থেকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।”
দোয়া ও মোনাজাতে মহান আল্লাহ তাআলার দরবারে মরহুম এ কে এম আবু তাহেরের রুহের মাগফিরাত কামনা করা হয়। প্রার্থনা করা হয় তাঁর প্রতি আল্লাহর অশেষ রহমত বর্ষণ এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য। ভেজা চোখে, ভারী হৃদয়ে উপস্থিত নেতাকর্মীরা প্রতিজ্ঞা করেন প্রিয় নেতার আদর্শ, সততা ও জনকল্যাণমুখী কর্মধারা অনুসরণ করে বরুড়ার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবেন তাঁরা, যতদিন না প্রিয় নেতার স্বপ্নের বরুড়া বাস্তবে রূপ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *