আইপিএল মালিকানাধীন দুবাই ক্যাপিটালসে আবারও মোস্তাফিজ

 খেলাধুলা ডেস্ক: ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএল টি-টোয়েন্টি) আসন্ন আসরে দল পেয়েছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের মালিকানাধীন দল দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন তিনি।

এর আগে গত আসরেও দুবাই ক্যাপিটালসের জার্সিতে মাঠে নেমেছিলেন মোস্তাফিজ। টুর্নামেন্টে ৮ ম্যাচে ৮.০৮ ইকোনমি রেটে মোট ১৫টি উইকেট শিকার করেন বাঁহাতি এই পেসার। তবে বিপিএলে অংশ নিতে মাঝপথে তাকে দেশে ফিরতে হয়েছিল।

দুবাই ক্যাপিটালসে যোগ দেওয়ার আগে আইপিএলেও নিজের দল নিশ্চিত করেন মোস্তাফিজুর রহমান। খেলোয়াড় নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ওই মূল্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের কোনো ক্রিকেটারের জন্য রেকর্ড।

ছয় দলের অংশগ্রহণে আইএল টি-টোয়েন্টির পঞ্চম আসর শুরু হবে আগামী ২২ নভেম্বর। টুর্নামেন্টের পর্দা নামবে ২০ ডিসেম্বর। গত আসরের ফাইনালে এমআই এমিরেটসকে হারিয়ে শিরোপা জিতেছিল ডেজার্ট ভাইপার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *