হাটহাজারী প্রতিনিধি: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে উৎসবমুখর হয়ে উঠেছে চট্টগ্রামের হাটহাজারী। তাঁকে স্বাগত জানাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ জড়ো হন। বিকেলেই হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠের সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়।
রোববার (৯ আগস্ট) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে সড়কপথে ফটিকছড়ি থেকে হাটহাজারীতে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর গাড়িবহর হাটহাজারীতে প্রবেশের সময় সড়কের দুই পাশে অবস্থান নেওয়া নেতাকর্মী ও সাধারণ মানুষ স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন নেতাকর্মীরা। এ সময় ‘খুশি খুশি লাগছে, তারেক রহমান আসবে’ এবং ‘হাটহাজারীবাসী ডাকছে, তারেক রহমান আসছে’সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
হাটহাজারীতে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম (হাটহাজারী) মাদরাসায় যান। সেখানে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফী (রহ.)-এর কবর জিয়ারত করেন তিনি।
পরে হাটহাজারী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও সুবিধাবঞ্চিত ৩০টি পরিবারের জন্য গৃহ নির্মাণে মানবিক সহায়তা কর্মসূচির মঞ্চে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এ কর্মসূচিকে ঘিরেও স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
তারেক রহমানের আগমন উপলক্ষে হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠ ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রিয় নেতাকে একনজর দেখতে ও স্বাগত জানাতে দীর্ঘ সময় ধরে সড়কের পাশে এবং সমাবেশস্থলে অপেক্ষা করেন নেতাকর্মী ও সাধারণ মানুষ।