ওসি জায়েদ নুরের নেতৃত্বে কোতোয়ালি থানায় অভিযান

কামরুল ইসলাম:

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা পুলিশের অভিযানে অগ্রণী ব্যাংক পিএলসি, লালদিঘী পূর্ব কর্পোরেট শাখার ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ব্যাংকের সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মো. কামরুল হোসেন (৪১) এবং ব্যবসায়ী মো. জাফরুল্লাহ তানভীর (২৫)।

পুলিশ জানায়, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জায়েদ নুরের নেতৃত্বে অভিযান চালিয়ে গত ১০ আগস্ট তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় অগ্রণী ব্যাংক পিএলসি, লালদিঘী পূর্ব কর্পোরেট শাখার পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কামরুল হোসেন ব্যাংকের সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ হিসেবে কর্মরত থাকাকালে জাফরুল্লাহ তানভীরসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের সঙ্গে যোগসাজশে ব্যাংকের ভল্টের টাকা আত্মসাতের পরিকল্পনা করেন। অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১ জুন থেকে ২০২৬ সালের ৯ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে ১ হাজার টাকার বড় বান্ডেলের মধ্যে কৌশলে ১০০ টাকা বা তার কম মূল্যের ছোট নোট রাখা হতো। পরে ভল্টে টাকার বান্ডেল রয়েছে—এমনভাবে হিসাব মিলিয়ে রাখা হলেও প্রকৃত পরিমাণের টাকা ভল্টে রাখা হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে কামরুল হোসেন আত্মসাৎ করা অর্থ বিভিন্ন সময়ে জাফরুল্লাহ তানভীরের মাধ্যমে স্থানান্তরের কথা স্বীকার করেছেন। পরে ওই অর্থ দিয়ে হাটহাজারী থানাধীন উত্তর বুড়িশ্চর এলাকার ফজদের আলী ফকির বাড়িতে ‘ইশরাত এগ্রো’ নামে একটি গরুর খামারের কার্যক্রম শুরু করা হয় বলে পুলিশ জানিয়েছে।

এভাবে আসামিরা পরস্পর যোগসাজশে ব্যাংক থেকে মোট ৪ কোটি ৩৮ লাখ টাকা স্থানান্তরের মাধ্যমে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা নম্বর-২২, তারিখ ১০ আগস্ট ২০২৬; দণ্ডবিধির ৪০৮/৪২০/৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *