গণমাধ্যমে বড় পরিবর্তনের ডাক তথ্যমন্ত্রীর, ‘পুরোনো কাঠামো’ বদলের আহ্বান

নিজস্ব প্রতিবেদক: পরিবর্তনশীল প্রযুক্তির যুগে জনগণের আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন ঘটাতে গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আমূল আধুনিকায়ন ও কাঠামোগত রূপান্তরের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার (১৭ আগস্ট) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘মুনসুন রেভল্যুশন অডিটরিয়ামে’ আয়োজিত ‘গণমাধ্যম, গণ-আকাঙ্ক্ষা ও জুলাই গণ-অভ্যুত্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, ইন্টারনেট, ডিজিটাল প্ল্যাটফর্ম ও স্মার্ট ডিভাইসের বিস্তারের ফলে সমাজ ও সভ্যতায় দ্রুত পরিবর্তন এসেছে। গত দুই দশকে ডিজিটাল রূপান্তরের কারণে এমন পরিবর্তন ঘটেছে, যা আগের দীর্ঘ সময়ের পরিবর্তনকেও ছাড়িয়ে গেছে।

তিনি বলেন, একসময় শুধু সরকার নিয়ন্ত্রিত বা নিবন্ধিত গণমাধ্যমের প্রচারণাকেই গণকণ্ঠ হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু ডিজিটাল প্রযুক্তির বিকাশের ফলে এখন জনগণের স্বতঃস্ফূর্ত মতামত ও গণ-আকাঙ্ক্ষা সরাসরি প্রকাশের সুযোগ তৈরি হয়েছে।

জহির উদ্দিন স্বপন বলেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও রেডিওর মতো প্রতিষ্ঠানের মূল কাঠামো গড়ে উঠেছিল ইন্টারনেট ও স্মার্ট ডিভাইসের যুগ আসার আগে। ফলে বর্তমান বাস্তবতায় দর্শক-শ্রোতাদের পরিবর্তিত চাহিদা, ক্লাউড প্রযুক্তি এবং নতুন ধরনের চ্যালেঞ্জগুলো গভীরভাবে অনুধাবন করা প্রয়োজন।

গণ-আকাঙ্ক্ষাকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কার্যকরভাবে গণমাধ্যমে রূপান্তর করতে বিশেষজ্ঞ জ্ঞান, টেকসই প্রযুক্তি ও দক্ষতার সমন্বিত প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

সেমিনারে উপস্থাপিত বিভিন্ন আলোচনা ও সুনির্দিষ্ট প্রস্তাবনাগুলোকে গুরুত্ব দিয়ে সরকারের নীতি নির্ধারণী রোডম্যাপ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন তিনি।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য ড. সায়মা ফেরদৌস এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী।

অনুষ্ঠানে গণমাধ্যম গবেষক, শিক্ষক, বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *