বিনোদন ডেস্ক :;
বলিউডের কিং শাহরুখ খানকে নিয়ে প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন অস্কারজয়ী নির্মাতা কেভিন ম্যাকডোনাল্ড। বিশ্বজুড়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের জীবন ও কর্ম নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণের জন্য পরিচিত এই ব্রিটিশ পরিচালক সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখকে নিয়ে কাজ করার ইচ্ছার কথা জানান।
সাক্ষাৎকারে কেভিন ম্যাকডোনাল্ড বলেন, এর আগে শাহরুখ খানের সঙ্গে প্রামাণ্যচিত্র নির্মাণ নিয়ে তার প্রাথমিক আলোচনা হয়েছিল। তবে সে সময় কাজটি এগিয়ে নেওয়ার মতো উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়নি। এরপরও শাহরুখের বিশ্বব্যাপী জনপ্রিয়তা এবং তার সাফল্যের পেছনের গল্প নিয়ে নির্মাতার আগ্রহ কমেনি।
শাহরুখের জনপ্রিয়তার রহস্য ও দীর্ঘ ক্যারিয়ারকে কেন্দ্র করে ভবিষ্যতে একটি তথ্যচিত্র নির্মাণের সম্ভাবনা দেখছেন কেভিন। রসিকতার সুরে তিনি বলেন, হয়তো একদিন শাহরুখ নিজেই এ বিষয়ে নতুন করে আলোচনার জন্য তার সঙ্গে যোগাযোগ করবেন।
শুধু শাহরুখ খান নন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও প্রামাণ্যচিত্র নির্মাণের সুপ্ত ইচ্ছার কথা জানিয়েছেন এই নির্মাতা।
আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত ব্যক্তিত্বদের নিয়ে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে কেভিন ম্যাকডোনাল্ডের। সম্প্রতি ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার শেষ দুই মৌসুমের গল্প নিয়ে তিনি নির্মাণ করেছেন চার পর্বের প্রামাণ্যচিত্র সিরিজ ‘এ বিউটিফুল অবসেশন’।
প্রামাণ্যচিত্র নির্মাণের পাশাপাশি এবার বাণিজ্যিক সিনেমায়ও ফিরছেন কেভিন। হলিউড অভিনেত্রী গ্যাল গ্যাডটকে নিয়ে তার পরবর্তী সিনেমা ‘দ্য রানার’-এর কাজ শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে।