মো. আব্দুল গফুর সিকদার:
ভোলার মনপুরা উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কুলাগাজির তালুক এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা। জলাবদ্ধতার কারণে পানির মধ্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে হচ্ছে তাদের।
দীর্ঘদিনের এ জলাবদ্ধতা নিরসনে মঙ্গলবার (২৫ আগস্ট) স্থানীয়দের উদ্যোগে সরকারি বেড়িবাঁধের একটি অংশ কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। বেড়িবাঁধের অংশবিশেষ কেটে দেওয়ার পর জমে থাকা পানি বের হতে শুরু করে। এতে স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় এলাকার রাস্তাঘাট তলিয়ে গেছে। ফলে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিন পানির মধ্য দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এতে তাদের পোশাক ও বই-খাতা ভিজে যাওয়ার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। অনেক শিক্ষার্থী জলাবদ্ধতার কারণে সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছে না।
৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ১ নম্বর মনপুরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. সুমন বলেন, ‘দীর্ঘদিন ধরে আমার ওয়ার্ডের মানুষ জলাবদ্ধতার সমস্যায় ভুগছেন। পানি নিষ্কাশনের জন্য আমি বিভিন্ন সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি এবং দ্রুত পানি সরানোর উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছি। এলাকার মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারেন, সেটাই আমার মূল লক্ষ্য। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আগামী দিনগুলোতেও আপনাদের পাশে থেকে ভালোভাবে কাজ করতে পারি।’
পানি নিষ্কাশন কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন ১ নম্বর মনপুরা ইউনিয়ন বিএনপির প্রতিনিধি ও বিএনপি নেতা মো. মনিরুল হাওলাদার, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ১ নম্বর মনপুরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. সুমন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মো. কামরুল ইসলাম পাওঠারী, সমাজসেবক মো. নুরুউদ্দিন, মো. রাহাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা।
স্থানীয়রা বলেন, বেড়িবাঁধের একটি অংশ কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করায় আপাতত জলাবদ্ধতা থেকে কিছুটা স্বস্তি মিলবে। তবে এভাবে সাময়িকভাবে পানি সরিয়ে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। জলাবদ্ধতার মূল কারণ চিহ্নিত করে খাল-নালা পরিষ্কার, পানি নিষ্কাশনের পথ তৈরি এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের দাবি জানিয়েছেন তারা।
এলাকাবাসীর দাবি, প্রতিবছর বর্ষা মৌসুমে যাতে কুলাগাজির তালুক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি না হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ও স্থায়ী পানি নিষ্কাশন ব্যবস্থা গ্রহণ করবে। বিশেষ করে শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।