নিজস্ব প্রতিবেদক:
ক্ষমতা পেলে মানুষের চরিত্র বদলে যায়, এমন প্রচলিত ধারণা ভাঙার প্রত্যয় জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের ব্যক্তিগত কর্মকর্তা তাজিরুল ইসলাম। মন্ত্রীর নির্দেশনায় জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে তৃণমূলের মানুষের দুয়ারে পৌঁছে তিনি বলেন, ক্ষমতায় গিয়ে সাধারণ মানুষের খোঁজখবর নেওয়া বন্ধ করবেন না তাঁরা।
আঞ্চলিক ভাষায় সহজ-সরল ভঙ্গিতে তিনি বলেন, মাটিতে বসে সাধারণ মানুষের সঙ্গে একবেলা ভাত খেতেও তাঁদের কোনো সংকোচ নেই। “আপনারা যাতে মনে না করেন, ক্ষমতা পেয়ে আমরা আপনাদের খোঁজ নিই না কিংবা আমাদের আচার-আচরণ বদলে গেছে। এমন কিছুই আমরা করব না,” বলেন তিনি।
দোয়া চাইলেন, ক্ষমতার অপব্যবহার না করার অঙ্গীকার
ক্ষমতার অপব্যবহারের পরিণতি স্মরণ করিয়ে দিয়ে তিনি উপস্থিত সবার কাছে দোয়া চান, যেন কেউ কখনো ক্ষমতার অপব্যবহার না করেন। তাঁর ভাষ্য, ন্যায়বিচারের জন্য যতটুকু মানুষের পাশে থাকা দরকার এবং মানুষের হক মানুষের হাতে পৌঁছে দিতে যা প্রয়োজন, সেই কাজগুলো যেন তাঁরা করতে পারেন। মন্ত্রীর জন্যও দোয়া চেয়ে তিনি বলেন, যেন দেশ ও সমাজের জন্য কাজ করার তৌফিক হয়।
নির্বাচনের পর জনপ্রতিনিধিদের আর খোঁজ মেলে না, এই পুরোনো ইতিহাস ভাঙার কথাও জানান তিনি। “পাঁচ বছর পর ভোটের সময় আবার আসব, এমনটা করব না। আসামির মতো হাজিরা দিতে আসব, দুই-চার-ছয় মাস পরপর আপনাদের কথা শুনতে আসব,” বলেন তিনি। তাঁর ভাষ্য, অন্তত এক বছরের মাথায় আবার জনগণের কাছে ফিরে আসার চেষ্টা থাকবে।
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর নির্দেশনায় এই কর্মসূচির উদ্দেশ্য জনগণের সুখ-দুঃখ, অভাব-অভিযোগ ও প্রত্যাশার কথা সরাসরি শোনা। উন্নয়ন ও জনকল্যাণের পথে এগিয়ে যাওয়াই তাঁদের অঙ্গীকার বলে জানানো হয়।
আয়োজকদের ভাষ্য, জনগণই সকল ক্ষমতার উৎস, আর জনগণের কাছে জবাবদিহিতাই প্রকৃত নেতৃত্বের পরিচয়। একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তাঁরা জনগণের পাশে থাকতে চান।