মোঃআনজার শাহ
সিলেটকে পরিকল্পিত, আধুনিক ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সউক) কাজ করবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জনাব জাকারিয়া তাহের এমপি।
আজ সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সউকের কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী।
নামফলক উন্মোচন
এর আগে বেলা ১২টার দিকে সউকের অস্থায়ী কার্যালয়ে নামফলক উন্মোচন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জনাব জাকারিয়া তাহের, বাণিজ্যমন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রতিমন্ত্রী জনাব আহমদ সোহেল মঞ্জুর।
মন্ত্রীর বক্তব্য:
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জনাব জাকারিয়া তাহের বলেন, “সিলেটকে পরিকল্পিত, আধুনিক ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সউক) কার্যক্রম ও কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। সিলেট অর্থনীতি, পর্যটন ও প্রাকৃতিক সম্পদের গুরুত্বপূর্ণ কেন্দ্র হলেও অপরিকল্পিত নগরায়ণ, ঐতিহ্য সংরক্ষণ ও নাগরিক সুবিধা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ।”
তিনি বলেন, দ্রুত নগরায়ণের কারণে আবাসনের চাহিদা বাড়ছে। কৃষিজমি রক্ষা, শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি জমির সঠিক ব্যবহার নিশ্চিত করে পরিকল্পিত ও টেকসই শহর গড়ে তুলতে হবে। এ লক্ষ্যেই প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টার প্ল্যান প্রণয়ন করা হচ্ছে বলে জানান তিনি।