বিনোদন প্রতিবেদক:
কিছুদিন ধরেই অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে ঘিরে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিভিন্ন গণমাধ্যমেও তার বিয়ের খবর প্রকাশিত হয়। তবে এতদিন এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী।
এবার সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন সাদিয়া জাহান প্রভা। তিনি জানিয়েছেন, বিয়ে করেননি এবং চুক্তিভিত্তিক বিয়ে বা এ ধরনের কোনো সম্পর্কেও জড়াননি।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় প্রভা লেখেন, ‘আমি বিয়ে করিনি। আমি কখনো চুক্তিভিত্তিক বিয়ে বা এ ধরনের কোনো সম্পর্কে আবদ্ধ হইনি। আমার সম্পর্কে যে অভিযোগগুলো ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।’
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে প্রভা বলেন, সাংবাদিকদের লেখার শক্তি অনেক। একই কলম কাউকে ভয়ংকর মানুষ হিসেবে, আবার কাউকে চমৎকার মানুষ হিসেবেও তুলে ধরতে পারে। তাই এই শক্তির সঙ্গে দায়িত্বশীলতাও প্রয়োজন।
ব্যক্তিগত জীবন নিয়ে কোনো অভিযোগ বা তথ্য প্রকাশের আগে তা যাচাই করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কারো ব্যক্তিগত জীবন নিয়ে সংবেদনশীল অভিযোগ প্রকাশ করার আগে, অনুগ্রহ করে তথ্য যাচাই করুন। অনুগ্রহ করে বিশ্বাসযোগ্য প্রমাণ দিন। অনুগ্রহ করে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলুন।’
নিজের অনুসারীদেরও গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রভা। তিনি বলেন, তার ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন কিংবা অন্য কোনো বিষয়ে সঠিক ও সত্য তথ্য তিনি নিজেই তার ফেসবুকের মাধ্যমে অনুসারীদের জানাবেন।
প্রভা আরও লেখেন, ‘আপনারা কোনো ধরনের ভিত্তিহীন গুজব বা অপপ্রচারে কান দিয়ে বিভ্রান্ত হবেন না। আমার ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন বা যে কোনো বিষয়ে সঠিক ও সত্য তথ্য সর্বদা আমার ফেসবুকের মাধ্যমে আপনাদের জানানো হবে। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমার শক্তি।’
উল্লেখ্য, সম্প্রতি গুঞ্জন ছড়ায়, যুক্তরাষ্ট্রে পরিচয় হওয়া নিজের চেয়ে কম বয়সী এক যুবককে বিয়ে করেছেন প্রভা। গত কয়েক মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার বিভিন্ন পোস্ট থেকেই মূলত এ গুঞ্জনের সূত্রপাত।
চলতি বছরের এপ্রিলে নিজের অনামিকায় আংটি পরা একটি ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী। পরে অনামিকায় হীরার আংটি ও হাতে ফুল নিয়ে আরও একটি ছবি পোস্ট করলে বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়।
এ ছাড়া গত কয়েক মাসে সম্পর্ক ও বিয়ে নিয়ে বিভিন্ন ধরনের পোস্টও করেন প্রভা। এসব বিষয়কে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়। তবে এবার নিজেই বিষয়টি পরিষ্কার করে জানিয়ে দিলেন—তিনি বিয়ে করেননি।