সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে, স্বজনদের আহাজারি

নিজস্ব প্রতিবেদক:

সৌদি আরবের রিয়াদে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে পরিচয় শনাক্ত হওয়া ৯ জনের মরদেহ দেশে ফিরেছে। নিহতদের মধ্যে ৭ জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। অন্য দুজন নাটোর ও রাজশাহীর বাসিন্দা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪০ নম্বর ফ্লাইটে করে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

নিহতদের মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বজনরা। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীও সেখানে উপস্থিত ছিলেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে স্বজনরা মরদেহগুলো নিজ নিজ এলাকায় নিয়ে যাবেন।

গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হন। আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তাদের মধ্যে ৯ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।

নিহতদের মধ্যে আত্রাই উপজেলার সাতজন হলেন—উদনপৈ গ্রামের মো. ফরিদ, গ-গোহালী গ্রামের রুবেল প্রামাণিক, কলিমউদ্দিন ইসলাম, মোহন আলী ও তার ছোট ভাই সুমন আলী, ডুবাই গ্রামের সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরকার।

এ ছাড়া নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম এবং রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রামের শ্যামল উদ্দিনের মরদেহও দেশে এসেছে।

পরিবারের স্বচ্ছলতা ও ভবিষ্যৎ নিশ্চিত করার স্বপ্ন নিয়ে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন তারা। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই নিথর দেহে কফিনবন্দি হয়ে দেশে ফিরতে হলো তাদের। স্বজনদের কাছে এই ফিরে আসা তাই আনন্দের নয়, বরং শোক আর কান্নার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *