এএফসি অ-১৭ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে ভুটান, সিরিয়া ও ম্যাকাও

জ্যেষ্ঠ প্রতিবেদক:

এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাইপর্বে ‘সি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। একই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ এশিয়ার আরেক দেশ ভুটান, পাশাপাশি রয়েছে ম্যাকাও চায়না ও সিরিয়া। বাছাইপর্বের ম্যাচ খেলতে বাংলাদেশকে যেতে হবে সংযুক্ত আরব আমিরাতে।

বৃহস্পতিবার এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়। একই দিনে বাংলাদেশ অ-২০ ফুটবল দল এএফসি অ-২০ টুর্নামেন্টের বাছাইপর্ব খেলতে উজবেকিস্তানের উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নেয়।

এবারের এএফসি অ-১৭ বাছাইপর্বে এশিয়ার ৩৫টি দল অংশ নিচ্ছে। দলগুলোকে সাতটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন আগামী বছর উজবেকিস্তানে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে।

এ ছাড়া এ বছর কাতারে অনুষ্ঠিতব্য ফিফা অ-১৭ বিশ্বকাপে অংশ নেওয়া এশিয়ার নয়টি দল সরাসরি এএফসি অ-১৭ টুর্নামেন্টের মূল পর্বে জায়গা করে নিয়েছে। দলগুলো হলো—কাতার, ভিয়েতনাম, সৌদি আরব, অস্ট্রেলিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া, চীন ও জাপান।

বাংলাদেশকে ‘সি’ গ্রুপের ম্যাচগুলো খেলতে সংযুক্ত আরব আমিরাত সফর করতে হবে। সেখানে ভুটান, ম্যাকাও চায়না ও সিরিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশের কিশোর ফুটবলাররা।

আগামী ৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত সাতটি ভেন্যুতে এএফসি অ-১৭ বাছাইপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই এই পর্বে মাঠে নামবে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *