বিনোদন ডেস্ক:
পাকিস্তানি টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী ইয়ুমনা জায়েদি। ‘তেরে বিন’ নাটকে ‘মীরব’ চরিত্রে অভিনয় করে তিনি পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশসহ পুরো উপমহাদেশের দর্শকদের কাছেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। তাই ছোট পর্দায় তার প্রত্যাবর্তন নিয়ে ভক্তদের আগ্রহেরও কমতি নেই।
কিছুদিনের বিরতি কাটিয়ে এবার একাধিক নতুন প্রজেক্ট নিয়ে পর্দায় ফিরছেন ইয়ুমনা। পুরোনো জনপ্রিয় জুটির সঙ্গে পুনরায় কাজের পাশাপাশি নতুন অভিনেতার সঙ্গেও জুটি বাঁধতে দেখা যাবে তাকে। সব মিলিয়ে তার আসন্ন চারটি প্রজেক্ট ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
ক্যাফে ফিরাক
ইয়ুমনা জায়েদির নতুন নাটক ‘ক্যাফে ফিরাক’ নিয়ে পাকিস্তানি বিনোদন অঙ্গনে চলছে আলোচনা। এতে তার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করার কথা রয়েছে অভিনেতা আহাদ রেজা মীরের। একটি ইরানি পরিবারের গল্পকে কেন্দ্র করে নির্মিত হতে যাচ্ছে নাটকটি। এর সংলাপ ও গল্পের কাঠামোও সে অনুযায়ী সাজানো হয়েছে। শিগগিরই নাটকটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
ইয়ুমনা ও আহাদের নতুন জুটি দর্শকদের জন্য কতটা চমক নিয়ে আসে, এখন সেটিই দেখার অপেক্ষা।
তেরে বিন ২
ইয়ুমনা জায়েদির ক্যারিয়ারের অন্যতম সফল ও আলোচিত নাটক ‘তেরে বিন’। এর দ্বিতীয় কিস্তি ‘তেরে বিন ২’-তেও মীরব চরিত্রে ফিরছেন ইয়ুমনা জায়েদি। তার বিপরীতে আবারও দেখা যাবে ওয়াহাজ আলীকে।
সেভেন্থ স্কাই এন্টারটেইনমেন্টের প্রযোজনায় এবং সিরাজ-উল-হকের পরিচালনায় নির্মিত হচ্ছে নাটকটি। বিভিন্ন কারণে শুটিংয়ের কাজ পিছিয়ে গেলেও শিগগিরই এর কাজ শুরু হওয়ার কথা রয়েছে। জনপ্রিয় এই জুটিকে আবারও পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
লায়লা মজনু
ইয়ুমনা জায়েদি ও বিলাল আব্বাস খানের নতুন নাটক ‘লায়লা মজনু’ নিয়েও দর্শকদের আগ্রহ তুঙ্গে। আইড্রিম এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নাটকটি পরিচালনা করবেন হাসিব হাসান।
শুরুতে নাটকটির অভিনয়শিল্পী হিসেবে বেশ কয়েকজন তারকার নাম আলোচনায় এলেও বর্তমানে ইয়ুমনা ও বিলালকেই প্রধান চরিত্রে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। তবে কাস্টিং নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
পারিযাদ ২
দর্শকদের প্রতীক্ষিত আরেকটি প্রজেক্ট ‘পারিযাদ ২’। এর প্রাক্-প্রযোজনার কাজ শুরু হয়েছে। নাটকটির দ্বিতীয় কিস্তিতে ইয়ুমনা জায়েদি ও আহমেদ আলী আকবরের পুরোনো জুটিকে আবারও ফিরিয়ে আনার আলোচনা চলছে।
মূল লেখক হাশিম নাদিম খানের হাত ধরেই সিক্যুয়েলটির গল্প ও রূপরেখা নতুনভাবে তৈরি করা হচ্ছে। ফলে ‘পারিযাদ ২’-এ গল্পের পাশাপাশি পুরোনো জুটির প্রত্যাবর্তনও দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হতে পারে।