বিনোদন ডেস্ক:
রোমান্টিক ঘরানার নাটক ও সিনেমা নির্মাণ বন্ধের দাবিতে লিগ্যাল নোটিশ জারির ঘটনায় তীব্র ক্ষোভ, উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে দেশের টেলিভিশন ও অনলাইন মাধ্যমের প্রযোজক, নির্দেশক, শিল্পী ও কলাকুশলীদের বিভিন্ন সংগঠন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) টেলিভিশন শিল্পসংশ্লিষ্ট সংগঠনগুলোর পক্ষ থেকে এক যৌথ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোমান্টিক নাটক ও সিনেমা নির্মাণ বন্ধের দাবিতে লিগ্যাল নোটিশের বিষয়টি টেলিভিশন ও বিনোদন অঙ্গনের পেশাজীবীদের মধ্যে গভীর উদ্বেগ ও বিস্ময়ের সৃষ্টি করেছে। বাংলাদেশের টেলিভিশন ও অডিওভিজ্যুয়াল শিল্প দীর্ঘদিন ধরে দেশের সংস্কৃতি, বিনোদন, সৃজনশীলতা ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
সংগঠনগুলোর নেতারা বলেন, কোনো নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে প্রচলিত আইন, বিধিমালা ও নিয়ন্ত্রক কাঠামোর আওতায় তার প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে। তবে একটি নির্দিষ্ট ঘরানার নাটক বা সিনেমা নির্মাণ সামগ্রিকভাবে বন্ধের উদ্যোগ সৃজনশীল শিল্পের বিকাশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এতে টেলিভিশন শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত অসংখ্য মানুষের কর্মসংস্থান ও সৃজনশীল কার্যক্রমও প্রশ্নের মুখে পড়তে পারে।
প্রতিবাদে আরও বলা হয়, রোমান্টিক নাটক বা সিনেমা নির্মাণ বন্ধের দাবি গ্রহণযোগ্য নয়। তবে একই সঙ্গে দায়িত্বশীল, মানসম্মত ও দর্শকবান্ধব কনটেন্ট নির্মাণের প্রয়োজনীয়তার কথাও স্বীকার করেছে সংগঠনগুলো।
টেলিভিশন শিল্পের সৃজনশীল স্বাধীনতা, শিল্পী ও কলাকুশলীদের কর্মক্ষেত্র এবং দেশের বিনোদন ও সংস্কৃতি অঙ্গনের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ও ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেছে সংগঠনগুলো।
যৌথ প্রতিবাদে স্বাক্ষর করেন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সভাপতি শহীদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক ফরিদুল হাসান, অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের সভাপতি আজাদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু, টেলিভিশন নাট্যকার সংঘের সভাপতি শিহাব শাহীন ও সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন সুমনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতারা।