মানবিকতার স্বীকৃতি মার্কিনিয়োসের, উয়েফার প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড অঁরির

স্পোর্টস ডেস্ক:

২০২৬-২৭ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাতে। একই অনুষ্ঠানে ফ্রান্সের সাবেক তারকা ফুটবলার থিয়েরি অঁরিকে দেওয়া হয়েছে ২০২৬ উয়েফা প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড। পাশাপাশি নতুন প্রবর্তিত ‘রেসপেক্ট: বিয়ন্ড দ্য গেম’ পুরস্কারের প্রথম বিজয়ী হয়েছেন পিএসজির ব্রাজিলিয়ান অধিনায়ক মার্কিনিয়োস।

আর্সেনালের সাবেক তারকা থিয়েরি অঁরি আধুনিক ফুটবলের অন্যতম সেরা ফরোয়ার্ড হিসেবে পরিচিত। দুর্দান্ত গতি, সৃজনশীলতা ও গোল করার অসাধারণ দক্ষতার কারণে তিনি নিজের সময়ের অন্যতম ভয়ংকর আক্রমণভাগের খেলোয়াড় ছিলেন। আর্সেনালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের একজন অঁরি ছিলেন ঐতিহাসিক ‘ইনভিন্সিবলস’ দলেরও অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য।

ক্লাব ও জাতীয় দলের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে অঁরি জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ এবং ফ্রান্সের হয়ে বিশ্বকাপ ও ইউরো জয় করেছেন তিনি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার গোলসংখ্যা ৪১১। খেলোয়াড়ি জীবন শেষে ফুটবল বিশ্লেষক হিসেবেও নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন এই ফরাসি কিংবদন্তি।

১৯৯৮ সাল থেকে দেওয়া হচ্ছে উয়েফা প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড। ফুটবলের গণ্ডি ছাড়িয়ে অসাধারণ অবদান ও অর্জনের স্বীকৃতি হিসেবে দেওয়া হয় এই সম্মাননা। এ পর্যন্ত ব্যক্তিগতভাবে ২৬ জন সাবেক ও বর্তমান ফুটবলার এবং সাংগঠনিকভাবে কোপেনহেগেন ২০২০ ইউরোর মেডিকেল দল এই পুরস্কার পেয়েছে।

এদিকে, চলতি বছর থেকে ‘রেসপেক্ট: বিয়ন্ড দ্য গেম’ নামে নতুন একটি পুরস্কার চালু করেছে উয়েফা। ফুটবলের প্রতিদ্বন্দ্বিতার বাইরে মানবিকতা, সহমর্মিতা, মর্যাদা ও সম্মান প্রদর্শনের স্বীকৃতি হিসেবে দেওয়া হবে এই পুরস্কার। প্রথমবারের মতো সম্মাননাটি পেয়েছেন পিএসজি অধিনায়ক মার্কিনিয়োস।

২০২৬ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজির জয়ের পর ঘটে যাওয়া একটি মানবিক মুহূর্তের জন্য এই পুরস্কার পান ব্রাজিলিয়ান ডিফেন্ডার। ফাইনালের টাইব্রেকারে আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েসের পেনাল্টি মিসের পর পিএসজির সতীর্থরা যখন শিরোপা উদযাপনে ব্যস্ত, তখন মার্কিনিয়োস এগিয়ে যান প্রতিপক্ষের সেই কঠিন মুহূর্তে পাশে দাঁড়াতে।

সতীর্থদের সঙ্গে উদযাপনে যোগ না দিয়ে মাগালহায়েসকে সান্ত্বনা দেওয়ার ওই দৃশ্য ফুটবলপ্রেমীদের প্রশংসা কুড়ায়। উয়েফার নতুন পুরস্কারটি মূলত এমন কর্মকাণ্ডকে স্বীকৃতি দেবে, যেখানে প্রতিযোগিতার ঊর্ধ্বে মানবিকতা ও পারস্পরিক সম্মানকে গুরুত্ব দেওয়া হয়।

‘রেসপেক্ট’ প্ল্যাটফর্মের অধীনে চালু হওয়া এই পুরস্কারের জন্য প্রতি বছর উয়েফার বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়, কোচ, কারিগরি স্টাফ, ম্যাচ কর্মকর্তা ও সমর্থকদের কর্মকাণ্ড বিবেচনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *