বিনোদন ডেস্ক:
দক্ষিণী তারকা যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ মুক্তির পর বক্স অফিসে বড় ধাক্কা খেয়েছে। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনেই সিনেমাটির আয় কমেছে প্রায় ৬৪ শতাংশ। তৃতীয় দিনেও বেশ কিছু প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি ছিল হতাশাজনক।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তির তৃতীয় দিনে ভারতের নয়ডার একটি প্রেক্ষাগৃহে সকাল ৯টার শোতে কোনো দর্শকই উপস্থিত ছিলেন না। ৩০০ আসনের ওই প্রেক্ষাগৃহে সকাল সাড়ে ১০টার শোতে দর্শক ছিলেন মাত্র পাঁচজন।
গীতু মোহনদাস পরিচালিত সিনেমাটির আয় দ্বিতীয় দিনেই উল্লেখযোগ্যভাবে কমে যায়। বক্স অফিস ট্র্যাকিং ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ভারতের স্থানীয় বাজারে ‘টক্সিক’ আয় করে ১০১ কোটি ১০ লাখ রুপি। তবে দ্বিতীয় দিনে আয় প্রায় ৬৪ শতাংশ কমে দাঁড়ায় ৩৬ কোটি ৪০ লাখ রুপিতে।
দুই দিনে ভারতের বাজারে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৩৭ কোটি ৫০ লাখ রুপি। এ সময়ে দেশটিতে ১৯ হাজার ৪১৩টি শোতে সিনেমাটির গড় আসন পূর্ণতার হার ছিল ২৬ দশমিক ৬ শতাংশ।
কন্নড় ভাষার সিনেমা হলেও ‘টক্সিক’ তুলনামূলকভাবে হিন্দি সংস্করণে ভালো ব্যবসা করছে। তেলুগু সংস্করণ থেকেও সিনেমাটি ভালো সাড়া পেয়েছে। তবে তামিল ও মালয়ালম সংস্করণে এখন পর্যন্ত প্রত্যাশিত সাফল্য পায়নি।
মুক্তির আগে থেকেই যশের সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল। প্রথম দিনে শক্তিশালী আয় দিয়ে সেই প্রত্যাশার প্রতিফলন দেখা গেলেও দ্বিতীয় দিনে আয়ে বড় পতন সিনেমাটির বক্স অফিস যাত্রা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।