সন্তানের সঠিক বিকাশে পরিবারের নজরদারি জরুরি: সমাজকল্যাণমন্ত্রী

জেলা প্রতিনিধি:

অভিভাবকদের শুধু সন্তানকে বিদ্যালয়ে পাঠালেই দায়িত্ব শেষ হয়ে যায় না; বরং তাদের সার্বিক বিকাশ ও চরিত্র গঠনে পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কী ধরনের কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে—এসব বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজখবর রাখা প্রয়োজন। শুধু শিক্ষকদের ওপর নির্ভর করে সন্তানকে সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব নয়।

শুক্রবার (২৮ আগস্ট) দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সন্তান বাড়ি থেকে বের হওয়ার পর কোথায় যাচ্ছে, কার সঙ্গে সময় কাটাচ্ছে এবং কী করছে—এসব বিষয়ে বাবা-মা ও অভিভাবকদের সচেতন থাকতে হবে। অনেক সময় সন্তান পড়াশোনার কথা বলে বাড়ি থেকে বের হয়ে ভিন্ন কাজে যুক্ত হতে পারে। তাই তার চলাফেরা ও বন্ধু-বান্ধবের বিষয়ে অভিভাবকদের নজর রাখা জরুরি।

তিনি আরও বলেন, একজন সন্তানের চরিত্র গঠন, নৈতিক শিক্ষা এবং ভবিষ্যৎ জীবনের ভিত্তি তৈরি হয় পরিবার থেকেই। শিক্ষকরা শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষা দেন, তবে একজন শিশুর প্রকৃত বিকাশে পরিবার ও অভিভাবকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

মন্ত্রী বলেন, বর্তমান আকাশ সংস্কৃতির যুগে সন্তানদের প্রতি বাবা-মায়ের আরও বেশি দায়িত্বশীল হতে হবে। পরিবার সচেতন না হলে সন্তানরা ভুল পথে পরিচালিত হয়ে মাদকাসক্তিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকি থাকে।

তিনি প্রত্যেক পরিবারকে সন্তানদের প্রতি দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, পরিবারের সম্মিলিত প্রচেষ্টায়ই সন্তানদের যোগ্য, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *