অর্থনীতি পুনরুদ্ধারে তারেক রহমানের প্রচেষ্টা অব্যাহত: চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক:

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার ও দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

তিনি বলেন, বিগত সরকার দেশ থেকে ৩০ লাখ কোটি টাকা পাচার করেছে। এমন একটি ভঙ্গুর অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে ধৈর্য ধরে কাজ করতে হবে। সংকটের সময়ে সবাইকে ধৈর্য ধারণ করে সরকারের পাশে থাকার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত বাংলাদেশ ম্যাজিক ফেস্টিভ্যাল-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, ‘বিগত সরকারের একজন মন্ত্রী বিদেশে ৩৫৬টি বাড়ি করেছেন। আরেকজন একাই দুই লাখ কোটি টাকা লুট করেছেন। বিদ্যুৎ খাতে লক্ষাধিক কোটি টাকা লুট করে তাদের আবার ইনডেমনিটি দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, অতীতে দেশের অর্থনীতিতে যে সংকট তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে বর্তমান সময়ে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। এই অবস্থায় সরকারের নেওয়া উদ্যোগকে সহযোগিতা করা প্রয়োজন।

তারেক রহমানের জীবনযাপন প্রসঙ্গে মো. নূরুল ইসলাম বলেন, অনাড়ম্বর জীবনযাপন করে তিনি সবার জন্য দৃষ্টান্ত স্থাপন করছেন। দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে অনর্থক সমালোচনা থেকে বিরত থেকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *