নিজস্ব প্রতিবেদক:
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলীয় এলাকায় লঘুচাপের সৃষ্টি হয়েছে। লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সমুদ্র উত্তাল হয়ে ওঠার আশঙ্কাও রয়েছে।
এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্টদের সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।