কদমতলীতে দুই ছিনতাইকারীর দ্বন্দ্বে ছুরিকাঘাতে আরেক ছিনতাইকারী নিহত

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কদমতলীতে দুই ছিনতাইকারীর মধ্যে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে জনি (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। স্থানীয়দের দাবি, নিহত জনি নিজেও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন।

শনিবার (২৯ আগস্ট) ভোরে কদমতলী থানার নামা শ্যামপুরের বড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. জিন্নাত জানান, ভোর ৪টার দিকে নামা শ্যামপুরের বড়ইতলা এলাকায় এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভোরের দিকে বড়ইতলা এলাকায় দুই ছিনতাইকারীর মধ্যে দ্বন্দ্ব হয়। একপর্যায়ে অপর এক ছিনতাইকারী জনিকে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এসআই মো. জিন্নাত বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *