বন্দুক হাতে ভিডিও ভাইরাল, নারায়ণগঞ্জে দুই তরুণের বিরুদ্ধে মামলা

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জে বন্দুক হাতে দুই তরুণের ঘোরাঘেরার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় দুই তরুণকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। পুলিশ জানায়, গত ২৮ আগস্ট বন্দুক হাতে দুই তরুণের ঘোরাঘেরার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নারায়ণগঞ্জ সিটি পার্কের বিভিন্ন এলাকায় ভিডিওটি ধারণ করা হয়েছিল। বিষয়টি নজরে আসার পর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় আইসিটি শাখার এসআই (নিঃ) আফজাল শাহীন ও তাঁর দল ভিডিওটি তৈরি ও প্রচারের সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ শুরু করে।

ভিডিও বিশ্লেষণ করে পুলিশ ভিডিওটির নির্মাতা হিসেবে মো. লিমন তোহা (২২) এবং বন্দুক হাতে থাকা অপর তরুণ হিসেবে মো. ইয়াছিন মোল্লা (২৩)-কে শনাক্ত করে। পুলিশ আরও জানায়, নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমানের নেতৃত্বে একটি অভিযানিক দল ২৮ আগস্ট রাত ১০টা ৩৫ মিনিটে ২ নম্বর রেলগেট এলাকা থেকে ওই দুই তরুণকে আটক করে।

পুলিশের ভাষ্য, আটক দুজন শটগানসদৃশ প্লাস্টিকের শটগান এবং এসএমজিসদৃশ প্লাস্টিকের এসএমজি নিয়ে মহড়া দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪ ধারায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, বিনোদনের নামে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি, পথচারী ও শিশুদের ভয় দেখানো এবং সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। খেলনা অস্ত্র হলেও এর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা গুরুতর অপরাধ। এ কারণেই তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *