মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:
কক্সবাজারের মহেশখালীতে পুলিশের অভিযানে দেশীয় তৈরি রাইফেল, একনলা বন্দুক ও এলজিসহ আটটি সচল আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুইজন পালিয়ে গেছে।
শনিবার (২৯ আগস্ট) মহেশখালী থানার ছোট মহেশখালী এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ছোট মহেশখালী এলাকায় একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালানোর জন্য পুলিশ সংকেত দেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজিতে থাকা ব্যক্তিরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে মো. রুবেল মিয়া (২৪) ও মানিক দে (৩৫) নামে দুজনকে আটক করে। অপর দুজন পালিয়ে যেতে সক্ষম হন।
আটক রুবেল মিয়া চট্টগ্রামের পটিয়া থানার বাসিন্দা মোতাহের হোসেনের ছেলে। অপর আটক মানিক দে মহেশখালী থানার বাসিন্দা।
পুলিশ জানায়, ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তিদের দেখানো মতে সিএনজিতে থাকা একটি কালো রঙের ট্রাভেল ব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগের ভেতর থেকে একটি দেশীয় তৈরি রাইফেল, একটি একনলা বন্দুক, দেশীয় তৈরি এলজি (লং গান)সহ মোট আটটি সচল দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক দুইজন ও পলাতক দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।