রাজবাড়ীতে পুলিশের সামনেই নারীকে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী শহরের বড় বাজারে ব্যবসায়ীদের সঙ্গে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানার বিরোধকে কেন্দ্র করে তাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে পুলিশের উপস্থিতিতেই কয়েকজন যুবককে জাকিয়া সুলতানাকে মারধর করতে দেখা যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে রাজবাড়ী শহরের কাপড় বাজারে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাকিয়া সুলতানার ‘আস্থা পোশাক শিল্প’ প্রতিষ্ঠানে শাহানা পারভীন বৃষ্টি নামে এক নারী সেলসম্যান হিসেবে কাজ করতেন। কর্মরত অবস্থায় জাকিয়া সুলতানার সঙ্গে বৃষ্টির বিরোধ সৃষ্টি হলে তিনি চাকরি ছেড়ে দেন। পরে একই কাপড় বাজারে নিজেই একটি দোকান দেন বৃষ্টি।

ব্যবসায়ীদের অভিযোগ, চাকরি ছেড়ে একই বাজারে বৃষ্টির নিজস্ব ব্যবসা শুরু করার বিষয়টি জাকিয়া সুলতানা মেনে নিতে পারেননি। এ নিয়ে তিনি কাপড় বাজার কমিটির সভাপতি আজিজ মন্ডলের কাছে বৃষ্টির দোকান বন্ধ করে দেওয়ার জন্য চাপ দেন বলে অভিযোগ রয়েছে। তবে আজিজ মন্ডল এতে সম্মতি না দেওয়ায় জাকিয়া সুলতানার সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে কয়েকজন ব্যবসায়ী জাকিয়া সুলতানাকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে দেন বলে জানা গেছে। পরে বিষয়টিকে হামলা ও হুমকি হিসেবে উল্লেখ করে প্রতিবাদ জানান তিনি। এরই ধারাবাহিকতায় কয়েকজন নারীকে সঙ্গে নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন জাকিয়া সুলতানা।

প্রতিবাদ সমাবেশ থেকে জাকিয়া সুলতানা কাদেরিয়া মার্কেটে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন। এ সময় মার্কেটের দোকান মালিক ও কর্মচারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে কাপড় বাজারের ব্যবসায়ীরা তাকে ধাওয়া করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর থানায় নিয়ে যায়।

পরে কাদেরিয়া মার্কেটের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে জাকিয়া সুলতানার গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে থানায় যান। এ সময় তারা জাকিয়া সুলতানার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন।

কাপড় বাজারের কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, বাজারে দোকান নেওয়ার পর থেকেই জাকিয়া সুলতানা বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে বিরোধে জড়িয়েছেন। তার প্রতিষ্ঠানে কর্মরত নারী কর্মচারীদের সঙ্গে অসদাচরণ এবং অনৈতিক কাজে বাধ্য করার মতো ঘটনাও ঘটেছে বলে তারা দাবি করেন।

ব্যবসায়ীদের দাবি, শাহানা পারভীন বৃষ্টিকেও জাকিয়া সুলতানা শারীরিক ও মানসিকভাবে নির্যাতন এবং অনৈতিক কাজে বাধ্য করতেন। এসব কারণে বৃষ্টি চাকরি ছেড়ে নিজেই ব্যবসা শুরু করেন বলে তারা জানান। এরপর থেকেই তার দোকান বন্ধের জন্য জাকিয়া সুলতানা বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছেন বলেও অভিযোগ করেন তারা।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জাকিয়া সুলতানা। তিনি বলেন, ‘সম্প্রতি আমার দোকানের কর্মচারী বৃষ্টি দোকানের হিসাব না দিয়ে অন্য দোকানে চলে যায়। বিষয়টি নিয়ে আমি রাজবাড়ী কাপড় বাজার ব্যবসায়ী সমিতির কাছে অভিযোগ করি। কিন্তু তারা আমার অভিযোগ আমলে না নিয়ে উল্টো আমাকে লাঞ্ছিত ও মারধর করে বাজার থেকে বের করে দিয়েছে।’

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ‘ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে বাজারের ব্যবসায়ীরা জাকিয়া সুলতানাকে ঘিরে ধরেছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে দুই পক্ষের মধ্যে বিষয়টি সমাধান হয়েছে।’

এদিকে পুলিশের উপস্থিতিতে নারীকে মারধরের দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *