আন্তর্জাতিক ডেস্ক:
হরমুজ প্রণালির কাছে ইরানের লারাক দ্বীপে মার্কিন বাহিনীর হামলার জবাবে জর্ডানে যুক্তরাষ্ট্রের দুটি বিমান ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সোমবার ভোরে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে আইআরজিসি জানায়, লারাক দ্বীপে মার্কিন বাহিনীর বিমান হামলার প্রতিশোধ হিসেবে রোববার মধ্যরাতে জর্ডানে অবস্থিত মার্কিন বাহিনীর ‘কিং হুসেইন’ ও ‘আজরাক’ বিমান ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়।
আইআরজিসির দাবি, হামলায় ওই দুই বিমান ঘাঁটির প্রযুক্তিগত ও রক্ষণাবেক্ষণ-সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে সংগঠনটি বলেছে, ভবিষ্যতে মার্কিন বাহিনী ইরানের ভূখণ্ডে কোনো হামলা চালালে তার জবাব আরও কঠোর হবে।
এর আগে রোববার রাতে হরমুজ প্রণালির কাছে লারাক দ্বীপে বিমান হামলা চালিয়ে দুটি লঞ্চার ধ্বংস করে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। হামলার পর মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) জানায়, লারাক দ্বীপে থাকা ওই দুটি লঞ্চার হরমুজ প্রণালিতে জলমাইন স্থাপনের কাজে ব্যবহৃত হতো।
কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় দাবি করেছিলেন, হরমুজ প্রণালিতে আইআরজিসির পেতে রাখা সব মাইন যুক্তরাষ্ট্র অপসারণ করেছে।
এদিকে লারাক দ্বীপে মার্কিন হামলার পর ইরানের পার্লামেন্ট সদস্য ইব্রাহিম আজিজি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, কোনো হামলাকে ছাড় দেওয়া হবে না। প্রতিটি হামলার জবাব দেওয়া হবে আরও কঠোর ও বিধ্বংসী পাল্টা আক্রমণের মাধ্যমে।
তিনি বলেন, “কোনো অপরাধকে ছাড় দেওয়া হবে না। প্রতিটি হামলার জবাবে বিধ্বংসী, যন্ত্রণাদায়ক এবং শিক্ষামূলক পাল্টা জবাব দেওয়া হবে। পাল্টা হামলা আসছে, এবার শুধু দৌড়ান।”
সূত্র: আনাদোলু এজেন্সি, এএফপি