নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর এ তথ্য জানিয়েছেন।
রোববার (৩০ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
সার্জিও গর বলেন, চলতি সপ্তাহেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে ‘আরেকটি অসাধারণ চুক্তি’ হয়েছে। এর আওতায় বাংলাদেশ আরও বেশি বোয়িং উড়োজাহাজ কিনতে কয়েক বিলিয়ন ডলার ব্যয় করতে সম্মত হয়েছে। এর ফলে বাংলাদেশের আগের ক্রয়াদেশ উল্লেখযোগ্যভাবে বাড়বে।
নিজের পোস্টে সার্জিও গর আরও দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টিকারী প্রেসিডেন্ট। তিনি প্রতিদিন কঠোর পরিশ্রম করে লাখ লাখ উচ্চ বেতনের কর্মসংস্থান সৃষ্টি, ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ বৃদ্ধি এবং মার্কিন অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে কাজ করছেন।
উল্লেখ্য, বোয়িং যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান। বাংলাদেশ এর আগে বিভিন্ন সময়ে এই মার্কিন নির্মাতা প্রতিষ্ঠানের কাছ থেকে বাণিজ্যিক উড়োজাহাজ কিনেছে।