লামায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোঃ রাসেল:

বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ (সোমবার) উপজেলা পরিষদ মিলনায়তনে লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

নুনারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ ছরোয়ারের সুনিপুণ সঞ্চালনায় উদ্বোধনী পর্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক তমিজ উদ্দিন ও ছাত্র প্রতিনিধি ইমদাদুল হক মিলন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বান্দরবান জেলা আহ্বায়ক কমিটির সদস্য থোয়াইনু অং চৌধুরী, পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আমির হোসেন, থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) মো. নজরুল ইসলাম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোহাম্মদ সোলায়মান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির কাজী মুহাম্মদ ইব্রাহিম, সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষক শামসুল আলম এবং এনসিপির উপজেলা আহ্বায়ক নাজমুল হাসান। অনুষ্ঠানে বক্তারা নতুন প্রজন্মের মাঝে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, অসাম্প্রদায়িক চেতনা এবং মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে গৌরবময় সনদ ও আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী, স্থানীয় সংবাদকর্মী এবং সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *