মো. শামীম হোসেন শিকদার :
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। এ সময় সমিতির পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।
সৌজন্য সাক্ষাৎকালে বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি চহ্লা প্র জিমি, সহসভাপতি হাজী জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী ও কোষাধ্যক্ষ মহিউদ্দিনের নেতৃত্বে সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ী সদস্যরা প্রতিমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে সমিতির পক্ষ থেকে তার হাতে একটি সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সাক্ষাৎকালে সমিতির নেতৃবৃন্দ বান্দরবানের কাঠ ব্যবসার সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। এ সময় তারা ব্যবসার ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন এবং প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন সমিতির নেতৃবৃন্দের শুভেচ্ছা গ্রহণ করেন। তিনি পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির অন্যান্য কর্মকর্তা ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।