কুমিল্লার বরুড়ায় আসছেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান

কুমিল্লা প্রতিনিধি:

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) চেয়ারম্যান খোন্দকার মো. মোরতাজুল করিম বাদরু আগামীকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) কুমিল্লার বরুড়া উপজেলা সফর করবেন। সফরকালে তিনি বাংলাদেশ এনজিও ফাউন্ডনের অর্থায়নে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প পরিদর্শন, উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় এবং স্থানীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের প্রকাশিত সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকাল ৯টায় তিনি রাজধানীর বঙ্গশাল এলাকার বাসা থেকে কুমিল্লার বরুড়া উপজেলার উদ্দেশে যাত্রা করবেন। সকাল ১১টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রতনপুরে অবস্থিত সহযোগী সংস্থা ভলান্টারি অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ভারডো) কার্যালয়ে যাবেন।
সেখানে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ‘ভারডো’ কর্তৃক বাস্তবায়িত বিনামূল্যে নলকূপ ও সেলাই মেশিন বিতরণ প্রকল্পের সুফলভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনএফ চেয়ারম্যানের। একই সঙ্গে তিনি প্রকল্পটির বাস্তবায়ন কার্যক্রম পরিদর্শন করবেন।
এরপর দুপুর ১টায় বরুড়া উপজেলার বিষ্ণুপুর গ্রামে নিজ বাড়িতে গিয়ে বায়তুল ইজ্জত জামে মসজিদে জুমার নামাজ আদায় করবেন তিনি। বিকেল ৫টায় কুমিল্লা সার্কিট হাউসে উপস্থিত থাকবেন। এ সময় কুমিল্লার জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে সফরসূচিতে উল্লেখ করা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, সন্ধ্যা ৭টায় তিনি কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং রাত ১০টায় রাজধানীর বঙ্গশাল এলাকার বাসায় পৌঁছানোর কথা রয়েছে।
বিএনএফ চেয়ারম্যানের এ সফরকে ঘিরে সংশ্লিষ্ট সহযোগী সংস্থা, স্থানীয় প্রশাসন ও প্রকল্পসংশ্লিষ্টদের মধ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশেষ করে বিনামূল্যে নলকূপ ও সেলাই মেশিন বিতরণ প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে সরাসরি মতবিনিময়কে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এতে প্রকল্পের বাস্তবায়ন, সুফল ও উপকারভোগীদের অভিজ্ঞতা সম্পর্কে সরাসরি জানার সুযোগ তৈরি হবে।
সফরসূচিতে কুমিল্লা জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনসহ দায়িত্বশীল কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনার কথাও উল্লেখ রয়েছে। ফলে বিএনএফ চেয়ারম্যানের এ সফরে সরকারি প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থার সমন্বিত কার্যক্রমের বিষয়টিও গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *