মেধা, চেষ্টা ও সততাই সফলতার চাবিকাঠি: পায়েলগাছা কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় মিয়াজী সেলিম

মোঃআনজার শাহ

মেধা, চেষ্টা ও সততার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মিয়াজী সেলিম। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পায়েলগাছা কলেজে আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মিয়াজী সেলিম বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের স্বপ্ন এবং ভবিষ্যতের নির্মাতা। তাই জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, শিক্ষার মাধ্যমে আলোকিত সমাজ, সমৃদ্ধ বাংলাদেশ, উন্নত যোগাযোগব্যবস্থা এবং সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, জীবনে সফল হতে হলে মেধার পাশাপাশি কঠোর পরিশ্রম, চেষ্টা ও সততাকে সঙ্গী করতে হবে—এই গুণগুলোই ভবিষ্যৎ জীবনে সাফল্যের মূল চাবিকাঠি।
পায়েলগাছা কলেজকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান আখ্যা দিয়ে মিয়াজী সেলিম বলেন, এই প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের কল্যাণকেন্দ্রিক কার্যক্রম থাকতে পারে, কিন্তু শিক্ষার পরিবেশ নষ্ট হয়—এমন কোনো কর্মকাণ্ডের সুযোগ থাকা উচিত নয়। তিনি স্পষ্ট করে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের সন্ত্রাস, মাদক কিংবা শিক্ষাবিরোধী কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার পাশাপাশি প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে মিয়াজী সেলিম বলেন, পায়েলগাছা কলেজের সঙ্গে তাঁর আবেগ ও স্মৃতির গভীর সম্পর্ক রয়েছে। এই কলেজের সাবেক শিক্ষার্থী হিসেবে তিনি প্রতিষ্ঠানটির উন্নতি ও সুনামকে সবসময় গুরুত্ব দেন বলে জানান। তিনি বলেন, ভালো শিক্ষা অর্জনের জন্য দূরে ছুটে যাওয়ার প্রয়োজন নেই, যদি নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষার পরিবেশ থাকে। এ সময় তিনি স্থানীয় শিক্ষার্থীদের পায়েলগাছা কলেজে ভর্তি হয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান।
কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “তোমরাই আগামী দিনের স্বপ্ন, তোমরাই ভবিষ্যতের নির্মাতা। তোমাদের মেধা ও যোগ্যতার মাধ্যমে পরিবার, সমাজ ও দেশের মুখ উজ্জ্বল করতে হবে।” জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও পরিশ্রমকে সঙ্গী করার পাশাপাশি সাফল্য অর্জনের পরও বিনয়ী থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
বক্তব্যের শেষে মিয়াজী সেলিম বলেন, “মেধা, চেষ্টা ও সততাই তোমাদের সফলতার চাবিকাঠি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *