আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের গুরুত্বপূর্ণ তেলবন্দর খারগ দ্বীপের কাছে একটি তেলবাহী জাহাজে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানি সংবাদমাধ্যম। তবে এ হামলার বিষয়ে এখনো স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্কের (এসএনএন) প্রতিবেদনে বলা হয়েছে, খারগ দ্বীপের উপকূলের কাছে অবস্থানরত একটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইরানের আরেক সংবাদমাধ্যম ‘খবর ফোরি’ দাবি করেছে, জাহাজটিতে যুক্তরাষ্ট্রের চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। হামলার পর জাহাজে থাকা লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বলেও দাবি করা হয়েছে।
তবে ইরানি সংবাদমাধ্যমগুলোর এসব দাবির স্বাধীন কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি। হামলায় জাহাজটির কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য জানা যায়নি।
খারগ দ্বীপ ইরানের তেল শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল এই দ্বীপের মাধ্যমে রপ্তানি করা হয়। ফলে দ্বীপটির আশপাশে যেকোনো সামরিক হামলা ইরানের তেল রপ্তানি ও জ্বালানি অবকাঠামোর ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খারগ দ্বীপ দখলে নেওয়ার হুমকি দিয়েছিলেন। এর মধ্যেই দ্বীপটির কাছে তেলবাহী জাহাজে হামলার এ দাবি সামনে এলো।