কুমিল্লা প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, মানুষের বিদ্যুৎ-গ্যাস পাওয়ার অধিকার রয়েছে। এসব সেবার জন্য মানুষকে অর্থ দিতে হয়। অথচ আগে যেখানে বিদ্যুতের বিল ১ হাজার ২০০ টাকা ছিল, এখন সেখানে ৪ হাজার টাকা পর্যন্ত বিল আসছে। এই অতিরিক্ত অর্থ কোথায় যাচ্ছে, তার কোনো হিসাব জনগণ পাচ্ছে না।
তিনি বলেন, ‘বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে বিদ্যুৎমন্ত্রী আইসিইউতে চলে গেছেন, মাশাআল্লাহ।’
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজারে ১১ দলীয় জোটের লংমার্চের পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশ বর্তমানে কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। যারা বলেছিলেন নির্বাচনের পর সবকিছু ঠিক হয়ে যাবে এবং দেশের মানুষ সংস্কার বোঝে না, তারা এখন ছয় মাস ধরে ক্ষমতায়। কিন্তু জনগণ সংস্কার তো পায়ইনি, বরং তিনবেলা খাবারের সুযোগও সংকুচিত হয়েছে। অনেকের ঘরে বিদ্যুৎ নেই, আসছে অস্বাভাবিক বিদ্যুৎ বিল। গ্যাসের চুলায় আগুন নেই, দরিদ্র মানুষের কাজ নেই। লাখ লাখ মানুষ কর্মসংস্থান হারাচ্ছেন।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে জনগণকে নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো হলেও নির্বাচনের পর ১৮ কোটি মানুষকে দেওয়া প্রতিশ্রুতি এবং গণভোটের রায় বাস্তবায়ন করা হয়নি।
উপস্থিত জনতার উদ্দেশে এনসিপির এই নেতা বলেন, নির্বাচনে কারচুপির মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে। তবে ১১ দলীয় জোটের প্রতি জনগণের সমর্থন রয়েছে। এই সমর্থনকে সঙ্গে নিয়ে জাতীয় নাগরিক পার্টি ও ১১ দলীয় জোট ভবিষ্যতেও মানুষের অধিকারের কথা বলবে।
তিনি বলেন, ‘কোনো ধরনের হামলা-মামলা ও হুমকির ভয় না করে এই জোট আপনাদের প্রতিবাদের ভাষা হয়ে থাকবে।’
আসিফ মাহমুদ আরও বলেন, ২০২৪ সালের ১১ জুলাই প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বরোড অবরোধ করেছিলেন। তার দাবি, এ কারণে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লার মানুষের প্রতি বিরূপ ছিলেন এবং তাদের বঞ্চিত করতেন। পরে কুমিল্লার মানুষ এর জবাব দিয়েছেন।
পথসভায় সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপি প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় জোটের নেতারা।