অনলাইন ডেস্ক:
হরমুজ প্রণালি ও ওমান উপসাগরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরও বেড়েছে। ইরানের ইসলামী রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, ইরানি জাহাজে মার্কিন নৌ অবরোধের জবাবে তারা যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরি ও একটি ডেস্ট্রয়ার লক্ষ্য করে কয়েক দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।আইআরজিসির দাবি, হামলার পর ক্ষয়ক্ষতির কারণে এবং পরবর্তী হামলার আশঙ্কায় মার্কিন নৌযান দুটি ওই এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছে।তবে ইরানের এ দাবি প্রত্যাখ্যান করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সংস্থাটি জানিয়েছে, একটি মার্কিন বিমানবাহী রণতরি ও একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইরানের ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে এড়িয়ে গেছে। এ ঘটনায় কোনো মার্কিন সেনা আহত হননি।সেন্টকম আরও জানিয়েছে, পাল্টা অভিযানে খাগ দ্বীপের উপকূলে আইআরজিসির দুটি অপরিশোধিত তেলবাহী জাহাজ স্থায়ীভাবে অচল করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ওমান উপসাগরে ‘এমটি কাইলো’ নামের আরেকটি ইরানি তেলবাহী ট্যাংকার ধ্বংসের কথাও জানিয়েছে মার্কিন বাহিনী।এদিকে, দুই পক্ষের মধ্যে সমুদ্রপথে পাল্টাপাল্টি হুঁশিয়ারি ও সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে। হরমুজ প্রণালিতে অননুমোদিত জলপথ এড়িয়ে চলতে সাধারণ জাহাজগুলোকে সতর্ক করেছে আইআরজিসি।অন্যদিকে, যুক্তরাষ্ট্র জানিয়েছে, নিজেদের স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে তারা প্রস্তুত। এতে হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় নতুন করে অস্থিতিশীলতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।