কাতারকে ‘শত্রু’ আখ্যা দিয়ে হামলার কথা স্বীকার নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক:

গাজায় আগ্রাসনের পাশাপাশি কাতারেও হামলা চালানোর কথা প্রকাশ্যে স্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক সাক্ষাৎকারে কাতারকে ‘শত্রু রাষ্ট্র’ আখ্যা দিয়ে তিনি বলেন, যুদ্ধের সময় কাতারের মাটিতে হামলা ও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল।ইসরায়েলি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু এসব কথা বলেন। তার এ বক্তব্য এমন সময়ে এলো, যখন আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে উগ্র সমর্থকদের আকৃষ্ট করতেই নেতানিয়াহু এমন বিতর্কিত বক্তব্য দিচ্ছেন।মূলত গত বছরের সেপ্টেম্বরে কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় হামাসের পাঁচ প্রতিনিধি ও কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। শান্তি আলোচনার একটি বৈঠক চলাকালে এ হামলা চালানো হয়। ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। জাতিসংঘসহ বিভিন্ন দেশ এ হামলার নিন্দা জানায়।পরিস্থিতি সামাল দিতে পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে হোয়াইট হাউস থেকে কাতারের প্রধানমন্ত্রীর কাছে ফোন করে ক্ষমা চান নেতানিয়াহু।সাক্ষাৎকারে ইসরায়েলের বিরোধীদের অভিযোগেরও জবাব দেন নেতানিয়াহু। বিরোধীদের দাবি, তার সরকারের মদদে কাতার থেকে গাজায় যাওয়া অর্থ ব্যবহার করেই ২০২৩ সালে বড় ধরনের হামলার প্রস্তুতি নিয়েছিল হামাস।তবে নেতানিয়াহু দাবি করেন, গাজায় ত্রাণের অর্থ পাঠানোর পরামর্শ দিয়েছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। কাতার থেকে পাঠানো ওই অর্থ গাজায় আসা মোট সহায়তার মাত্র দুই শতাংশ বলেও দাবি করেন তিনি।কাতার শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, তাদের দেওয়া সব ধরনের সহায়তা স্বচ্ছ প্রক্রিয়ায় শুধু গাজার সাধারণ মানুষের জন্য পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *