বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের নবনিযুক্ত চেয়ারম্যান বাদরুর সঙ্গে রিজভীর সৌজন্য সাক্ষাৎ

মোঃআনজার শাহ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি খোন্দকার মোরতাজুল করিম বাদরু।
সাক্ষাৎকালে খোন্দকার মোরতাজুল করিম বাদরু বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন প্রতিষ্ঠার পেছনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান ও উদ্যোগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। ২০০৪ সালে তাঁর সরকারের আমলে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য ছিল দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলা এবং দেশের প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা।
সৌজন্য সাক্ষাতে দেশ ও জনগণের কল্যাণ, দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনকে আরও কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক আলোচনা হয়।
আলোচনায় রুহুল কবির রিজভী আশা প্রকাশ করে বলেন, নবনিযুক্ত চেয়ারম্যান খোন্দকার মোরতাজুল করিম বাদরুর অভিজ্ঞতা, মেধা ও নেতৃত্বে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন তার মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে আরও শক্তিশালীভাবে এগিয়ে নিয়ে যাবে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন তথা মানুষের কল্যাণে, দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে এবং একটি স্বাবলম্বী সমাজ বিনির্মাণে বাদরুর নতুন দায়িত্ব পালনে পূর্ণ সফলতা কামনা করেন।
সাক্ষাৎ শেষে খোন্দকার মোরতাজুল করিম বাদরু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *