মোহাম্মদ হোসেন সুমন:
কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত নুর হাসানকে (২৫) গ্রেপ্তার করেছে বিজিবি, কক্সবাজার জেলা পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ক্যাম্প এলাকায় যৌথ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে একটি বিশেষ আভিযানিক দল কৌশলগত অভিযান পরিচালনা করে। এ সময় নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা আব্দুল করিমের ছেলে নুর হাসানকে গ্রেপ্তার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেপ্তার নুর হাসানের বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মোট সাতটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী।