ডোপ টেস্টের খবর পেয়ে এসআইয়ের পালিয়ে যাওয়ার অভিযোগ

চাঁদপুর প্রতিনিধি:

মাদক শনাক্তকরণে ডোপ টেস্ট করার উদ্যোগ নেওয়ার খবর পাওয়ার পর চাঁদপুর নতুন বাজার পুলিশ ফাঁড়ির এসআই মামুন উর রশিদ গা-ঢাকা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ডোপ টেস্টের বিষয়টি জানতে পেরে তিনি ফাঁড়ি থেকে চলে যান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত ১৮ জন সদস্যের মধ্যে এসআই মামুন উর রশিদের আচরণ নিয়ে সন্দেহ তৈরি হয়। তিনি নিয়মিত মাদক সেবন করতেন বলেও অভিযোগ রয়েছে। বিষয়টি যাচাই করতে তাকে ডোপ টেস্ট করানোর উদ্যোগ নেওয়া হয়।ডোপ টেস্টের খবর পাওয়ার পর তিনি ফাঁড়ি থেকে চলে যান বলে জানা গেছে। বিষয়টি জানতে পেরে চাঁদপুরের পুলিশ সুপারের নির্দেশে তাকে খুঁজে বের করে ফাঁড়িতে নিয়ে আসতে পুলিশ সদস্যরা তার বাসায় যান। তবে সেখানে গিয়েও তাকে পাওয়া যায়নি।নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার ও বুধবার—দুই দিনই এসআই মামুন উর রশিদের বাসায় পুলিশ সদস্য পাঠানো হয়েছে। কিন্তু তাকে সেখানে পাওয়া যায়নি। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটিও মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে।এ বিষয়ে নতুন বাজার পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, ফাঁড়িতে কর্মরত সদস্যদের মধ্যে যাদের আচরণ সন্দেহজনক মনে হবে, তাদের পর্যায়ক্রমে ডোপ টেস্টের আওতায় আনা হবে।তবে এসআই মামুন উর রশিদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ডোপ টেস্ট করা হলে অভিযোগটির বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *