নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, তাদের লং মার্চ দেশকে দুর্নীতিমুক্ত করা এবং আধিপত্যবাদের বিরুদ্ধে। দলীয় দাবি নিয়ে নয়, গণভোটের গণরায় নিশ্চিত করার দাবিতে তারা আন্দোলনে নেমেছেন বলে জানান তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে গাজীপুরের ভোগরা বাইপাস রোডে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শফিকুর রহমান। গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে এ পথসভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান।
শফিকুর রহমান বলেন, “বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে খাবে।” এ সময় আন্দোলন সফল করতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বলেন, তারা সরকারের বিরুদ্ধে কিংবা দেশের বিরুদ্ধে নন। সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে চান তারা। তবে বর্তমান সরকার তা করতে পারছে না বলে দাবি করেন তিনি। পাশাপাশি সংস্কারের প্রয়োজনীয়তার কথাও বলেন অলি আহমেদ।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, অধিকার আদায়ের জন্য তারা উত্তরাঞ্চলের উদ্দেশে লং মার্চে যাচ্ছেন। গণদাবি নিয়ে ১১ দল রাজপথে নেমেছে উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনের সফলতা নিয়ে তারা ঘরে ফিরবেন। গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া কোনো উপায় নেই বলেও মন্তব্য করেন তিনি। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকারের টালবাহানা বরদাশত করা হবে না বলেও জানান মামুনুল হক।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের গণরায় না মেনে সরকার প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করেছে। সরকারের ব্যর্থতার বিষয়গুলো জনগণের কাছে তুলে ধরছেন বলেও মন্তব্য করেন তিনি। অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারকে বাধ্য করার কথাও বলেন তিনি।
খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা আবুল কাশেম বলেন, ১৮ কোটি মানুষের গণদাবি নিয়ে তারা রাজপথে নেমেছেন। সরকারকে গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, বিএনপি এখন ‘নাই নাই-খাই খাই পার্টিতে’ পরিণত হয়েছে। দেশকে ফ্যাসিবাদমুক্ত করা ও লুটপাট বন্ধের দাবিতে তাদের লড়াই চলছে বলে মন্তব্য করেন তিনি।
সকাল ৮টায় শুরু হওয়া এ পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানসহ স্থানীয় ও জাতীয় নেতারা বক্তব্য দেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আজাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও নুরুল ইসলাম বুলবুল।
এর আগে সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ করে ১১ দলীয় ঐক্যের নেতারা। সমাবেশ শেষে সকাল ৮টার দিকে লং মার্চের বহর রংপুরের উদ্দেশে যাত্রা করে। এ সময় তেজগাঁও, মহাখালী, বনানী, খিলক্ষেত, উত্তরা ও টঙ্গীতে স্থানীয়রা ফুল ও স্লোগান দিয়ে তাদের অভিবাদন জানায়। পরে লং মার্চের বহর গাজীপুরের ভোগরা বাইপাস রোডের পথসভায় যোগ দেয়।