নতুন বেতন কাঠামোয় কোন গ্রেডে কত বেতন বাড়ল, সর্বনিম্ন ২০ হাজার সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

বিশেষ প্রতিনিধি:

নতুন জাতীয় বেতনকাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা এবং সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা।

নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন প্রকাশের পর সরকারি চাকরিজীবীদের মধ্যে কোন গ্রেডে কত টাকা মূল বেতন নির্ধারণ করা হয়েছে, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। নতুন কাঠামোয় প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত মূল বেতনে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী, প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে। এ গ্রেডে মূল বেতন বেড়েছে ১০০ শতাংশ।

দ্বিতীয় গ্রেডের মূল বেতন ৬৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৩২ হাজার টাকা করা হয়েছে। তৃতীয় গ্রেডের বেতন ৫৬ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ১ লাখ ১৩ হাজার টাকা হয়েছে। চতুর্থ গ্রেডের মূল বেতন ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে।

পঞ্চম গ্রেডে মূল বেতন ৪৩ হাজার টাকা থেকে বেড়ে ৮৬ হাজার টাকা হয়েছে। ষষ্ঠ গ্রেডে ৩৫ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে হয়েছে ৭১ হাজার টাকা। সপ্তম গ্রেডের মূল বেতন ২৯ হাজার টাকা থেকে দ্বিগুণ হয়ে ৫৮ হাজার টাকা হয়েছে।

অষ্টম গ্রেডের মূল বেতন ২৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪৬ হাজার টাকা এবং নবম গ্রেডের ২২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪৪ হাজার টাকা করা হয়েছে।

দশম গ্রেডে মূল বেতন ১৬ হাজার টাকা থেকে বেড়ে ৩২ হাজার টাকা হয়েছে। ১১তম গ্রেডের মূল বেতন ১২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

১২তম গ্রেডে মূল বেতন ১১ হাজার ৩০০ টাকা থেকে বাড়িয়ে ২৪ হাজার ৩০০ টাকা করা হয়েছে। ১৩তম গ্রেডে ১১ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ২৪ হাজার টাকা।

১৪তম গ্রেডের মূল বেতন ১০ হাজার ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৩ হাজার ৫০০ টাকা করা হয়েছে। ১৫তম গ্রেডে ৯ হাজার ৭০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২২ হাজার ৮০০ টাকা।

১৬তম গ্রেডে মূল বেতন ৯ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ২১ হাজার ৯০০ টাকা হয়েছে। ১৭তম গ্রেডে ৯ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ২১ হাজার ৪০০ টাকা।

১৮তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ৮০০ টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার টাকা এবং ১৯তম গ্রেডের ৮ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার ৫০০ টাকা করা হয়েছে।

সবশেষে ২০তম বা সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন বেতনকাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে। তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা শুরু থেকেই বর্ধিত মূল বেতনের পুরো অংশ পাবেন না। ধাপে ধাপে নতুন কাঠামোর বেতন কার্যকর করা হবে।

চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা নতুন কাঠামোয় নির্ধারিত বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৫০ শতাংশ পাবেন।

এরপর ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডে বাড়তি মূল বেতনের ৭০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডে ৭৫ শতাংশ কার্যকর হবে। ২০২৭ সালের ১ জুলাই থেকে নতুন কাঠামোয় নির্ধারিত বাড়তি মূল বেতনের শতভাগ কার্যকর হওয়ার কথা রয়েছে।

নতুন বেতনকাঠামো ১ জুলাই থেকে কার্যকর হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা বকেয়া বেতনও পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *