নিজস্ব প্রতিবেদক:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজ কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—এই তিন শাখার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
পরীক্ষা শেষে উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে মেধাবী ও যোগ্য শিক্ষার্থীদের স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে ভর্তির সুযোগ দেওয়াই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য।
তিনি বলেন, আজকের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীরা যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই পরীক্ষায় অংশ নিতে পারে, সে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধে সমৃদ্ধ করে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয়। আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম এ লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে উপাচার্য বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাযাত্রায় নতুন সম্ভাবনা তৈরি করবে বলে তিনি আশা করেন।
পরীক্ষা পর্যবেক্ষণে আরও উপস্থিত ছিলেন স্নাতকোত্তর, শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ফকির রফিকুল আলম, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আশেক কবির চৌধুরী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এ এইচ এম রুহুল কুদ্দুসসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরের শিক্ষক ও কর্মকর্তারা।
এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, খুব শিগগিরই ভর্তি বিষয়ক ওয়েবসাইটে পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফলাফল ও ভর্তি-সংক্রান্ত পরবর্তী নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা হবে।