আবদুল আজিজ:
চট্টগ্রামের সাতকানিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে এডহক কমিটিকে নির্লজ্জ দলীয়করণ করার মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর, শনিবার বিকালে সাতকানিয়া সচেতন অভিভাবক সমাজ কমিটির সভাপতি, চরতী আলহেলাল কলেজের সাবেক অধ্যক্ষ হারুনুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হক চৌধুরীর সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য ওসমান গণী ও মুজিবুর রহমান প্রমুখ। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটিতে যেভাবে দলীয়করণ করা হচ্ছে, তাতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট হচ্ছে। অবিলম্বে দলীয়করণ পরিহার করে যোগ্য ব্যক্তিকে এডহক কমিটিতে নিয়োগ দেওয়ার অনুরোধ জানান তারা। বক্তারা আরও বলেন, “বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোলে”—প্রত্যেক মানুষ বা প্রাণী তার নিজ নিজ স্বাভাবিক ও উপযোগী পরিবেশেই সবচেয়ে বেশি সুন্দর, নিরাপদ ও মানানসই।
প্রতিটি জীবের জন্যই প্রকৃতি একটি নির্দিষ্ট পরিবেশ নির্ধারণ করেছে। সেই পরিবেশে সে স্বাচ্ছন্দ্যে ও স্বাধীনভাবে বেড়ে ওঠে। বন্য পশু বা প্রাণীর আসল ঠিকানা বন। বনেই তাদের রূপ ও শক্তির পূর্ণ বিকাশ ঘটে। তাদের বন্দী করে রাখলে বা অন্য কোথাও রাখলে তাদের সেই সৌন্দর্য নষ্ট হয়। অবুঝ শিশু তার মায়ের কোল বা মাতৃকোলেই সবচেয়ে বেশি নিরাপদ, আনন্দিত ও সুরক্ষিত থাকে। মায়ের স্নেহছায়াই শিশুর একমাত্র স্বাভাবিক আশ্রয়।
তদ্রূপ শিক্ষারও সুষ্ঠু ও সুন্দর পরিবেশ দরকার। তাই সুষ্ঠু ও সুন্দর পরিবেশ তৈরি যাদের দ্বারা সম্ভব, তাদেরকেই নিয়োগ দেওয়া দরকার। অন্যথায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট হলে জাতিও ধ্বংস হবে। জাতিকে সঠিক দিকনির্দেশনা দিতে হলে এবং উন্নত জাতি গঠনে এডহক কমিটিতে যোগ্য ব্যক্তিকে পদায়ন করতে হবে।