কামরুল ইসলাম:
চট্টগ্রামের চকবাজার থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহ আলম মিঠু (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুনের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাঁর সঙ্গে ছিলেন এসআই (নিঃ) মোঃ গিয়াস উদ্দিন, চকবাজার পুলিশ ফাঁড়ির নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আল আমিন হোসাইন, এএসআই (নিঃ) মোঃ জাকির হোসেনসহ পুলিশের অন্যান্য সদস্য।
অভিযানের অংশ হিসেবে চকবাজার থানাধীন চট্টেশ্বরী মোড়স্থ ইপিক অঙ্গনের দক্ষিণ পাশে অভিযান পরিচালনা করে শাহ আলম মিঠুকে গ্রেফতার করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত ব্যক্তির দেহ তল্লাশি করা হলে তাঁর সঙ্গে থাকা একটি শপিং ব্যাগের ভেতর থেকে ১ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শাহ আলম মিঠু কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
এ ঘটনায় গ্রেফতারকৃত শাহ আলম মিঠুর বিরুদ্ধে চকবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর-০৯, তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৬।
পরে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।