সারা দেশের ডেন্টাল শিক্ষার্থীদের জাতীয় সংগঠন ‘ডেন্টাল স্টুডেন্টস সোসাইটি অব বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার:

সারা বাংলাদেশের ডেন্টাল শিক্ষার্থীদের নিয়ে নতুন সংগঠন ‘ডেন্টাল স্টুডেন্টস সোসাইটি অব বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে ঢাকা ডেন্টাল কলেজে এক মতবিনিময় ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নিয়ে সংগঠনটির গঠন, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। সভায় ডেন্টাল শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ের এ সংগঠনকে কার্যকরভাবে এগিয়ে নেওয়া এবং দেশের বিভিন্ন ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা হয়। এতে দেশের বিভিন্ন প্রান্তের ডেন্টাল কলেজ থেকে আগত শিক্ষার্থীরা নিজেদের মতামত ও প্রত্যাশার কথা জানান।

এর আগে, ঢাকা ডেন্টাল কলেজে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে ‘ডেন্টাল স্টুডেন্টস সোসাইটি অব বাংলাদেশ’ নামটি ঘোষণা করা হয়। ওই অনুষ্ঠানে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি, ডেন্টাল ড্যাবের সভাপতি ও কেন্দ্রীয় ড্যাবের সহসভাপতি অধ্যাপক ডা. পরিমল চন্দ্র মল্লিক সংগঠনটির নাম ঘোষণা করেন। এ সময় বাংলাদেশ ডেন্টাল সোসাইটির ভারপ্রাপ্ত সেক্রেটারি ডা. আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক ডা. কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক ডা. আতিক মাহমুদ এবং ঢাকা ডেন্টাল কলেজের প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল উপস্থিত ছিলেন।

সংগঠনটির আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মতামত ও অংশগ্রহণের মাধ্যমে সংগঠনটিকে একটি জাতীয় পর্যায়ের শিক্ষার্থী সংগঠন হিসেবে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা সংগঠনটির সঙ্গে যুক্ত হয়ে নিজেদের মতামত প্রদান করেছেন। সভায় অংশ নেওয়া শিক্ষার্থীরা ডেন্টাল শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। একই সঙ্গে দেশের বিভিন্ন ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকদের প্রত্যাশা, ‘ডেন্টাল স্টুডেন্টস সোসাইটি অব বাংলাদেশ’ সারা দেশের ডেন্টাল শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে এবং শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিক বিষয় ও স্বার্থ সংশ্লিষ্ট কার্যক্রমে একটি সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে। শীঘ্রই সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। কমিটি ঘোষণার পর সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে। সারা দেশের ডেন্টাল শিক্ষার্থীদের অংশগ্রহণে নতুন এই সংগঠনের আত্মপ্রকাশকে ডেন্টাল শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সমন্বয় ও কল্যাণমূলক কার্যক্রমের একটি নতুন উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *