জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

অনলাইন ডেস্ক :

আগামী বছরের জানুয়ারি মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। রোববার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ইসি মাছউদ বলেন, আগামী ১২ নভেম্বর প্রাথমিকভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণের পরিকল্পনা করা হলেও সেখান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নভেম্বর ও ডিসেম্বর মাসে স্কুল-কলেজের পরীক্ষা, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা এবং শিক্ষকদের নির্বাচনী দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় নিয়ে ওই সময়ে নির্বাচন আয়োজন করা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।

তিনি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। পরিস্থিতি বিবেচনায় আগামী বছরের জানুয়ারিতে নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে।

এদিকে ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে নির্বাচন কমিশনের যে সংলাপ হওয়ার কথা ছিল, সেটিও বাতিল করা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *