পাবনা প্রতিনিধি :
বিএনপি সাম্প্রদায়িকতাবিরোধী দল বলে দাবি করেছেন সংস্কৃতিমন্ত্রী শ্রী নিতাই রায় চৌধুরী। তাঁর ভাষ্য, বিএনপি বৈষম্যের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করতে চায়। এ কারণেই গত সংসদ নির্বাচনে দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিয়েছেন বলেও দাবি করেন তিনি।
রোববার (২০ সেপ্টেম্বর) পাবনার হিমাইতপুর সৎসঙ্গ আশ্রমে মানবতার সাধক শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯তম আবির্ভাব দিবস উপলক্ষে আয়োজিত মহোৎসবের দ্বিতীয় দিনের প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংস্কৃতিমন্ত্রী।
নিতাই রায় চৌধুরী বলেন, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি হাজার বছরের পুরোনো। তাঁর দাবি, পতিত সরকার নোংরামির মাধ্যমে দেশের সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা করেছে। তবে বর্তমান সরকার দেশের সংস্কৃতিকে আরও উজ্জীবিত করতে চায়।
ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী প্রসঙ্গে সংস্কৃতিমন্ত্রী বলেন, সব ধর্মীয় গ্রন্থের বাণীই মানবকল্যাণের জন্য। ঠাকুর অনুকূল চন্দ্রও মানবকল্যাণের জন্য বিভিন্ন উপদেশ দিয়েছেন। তিনি জাত-পাতের ভেদাভেদে বিশ্বাস করতেন না এবং সারাজীবন মানবতার কথা বলেছেন। তাঁর ভাষ্য, এ কারণেই উপমহাদেশ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন স্থানে ঠাকুর অনুকূল চন্দ্রের অনুসারীরা রয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, ঠাকুর অনুকূল চন্দ্রের মহৎ আদর্শ ও মহানুভবতা আজও উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। ধর্ম, বর্ণ ও রাজনীতির নামে যে মতপার্থক্য রয়েছে, ঠাকুর অনুকূল চন্দ্র তা আলাদাভাবে দেখেননি। তিনি সবাইকে মানুষ হিসেবে মর্যাদা দিতে চেয়েছেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানও কোনো ধরনের বিভেদ বা বিভাজন দেখতে চান না। তিনি সবার মধ্যে ঐক্য দেখতে চান।
সৎসঙ্গ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি শ্রী প্রাণশঙ্কর দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পাবনা সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্যসচিব মাসুদ খন্দকারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।